বগুড়ায় জসিম হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

রং মিস্ত্রি জসিম হত্যা মামলার আসামি রাব্বীকে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ । সোমবার শহরের কলোনির চকলোকমান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাব্বী ওই এলাকার মৃত ইসরাফিলের ছেলে।

এদিন দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, মায়ের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে জসিমকে হত্যা করে রাব্বী। গ্রেফতারের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন কথা বলে আসামি।

তিনি আরও জানান, চকলোকমান এলাকার মসজিদের মাঠে গত শুক্রবার ফুটবল খেলার সময় জসিমের পরিবারের একটি ছেলের গায়ে বল লাগে। এ নিয়ে রাব্বীর পরিবারের সঙ্গে জসিমের পরিবারের ঝগড়া বাধে। ওই সময় রাব্বীর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন জসিম। এক পর্যায়ে রাব্বীর মায়ের গায়ে হাত তোলেন তিনি। এরই জেরে পরের দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ মাঠেই জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাব্বী। পরে জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত রবিবার বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। মাকে গালিগালাজ করায় ও গায়ে হাত তোলায় রাব্বীর ভেতরে জেদ চাপে। এছাড়াও তাদের সাথে নিহতের পরিবারের দীর্ঘদিনের রেষারেষি রয়েছে। এসবের জেরে জসিমকে হত্যা করেন রাব্বী। আসামি রাব্বীকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights