বগুড়ায় দুই আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুটি আলোচিত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি উপজেলার নারচী ইউনিয়নের শেখাহাতি গ্রামের আশরাফ আলীর ছেলে হাসেন মিয়া (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৭ আগস্ট সকাল ১০টায় নারচী গণকপাড়া বাজারের আক্কাসের দোকানের সামনে চা খাওয়ার সময় সোনাতলা উপজেলার গনসাপাড়া গ্রামের মোস্তাফিজার রহমান আকন্দের ছেলে রাকিবুল হাসান চৈতার (২২) উপর অতর্কিত হামলা চালায় আসামি হাসেন। তার (হাসেন) বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা করেন তিনি।
পরে চৈতা গুরুতর আহত হয়ে দৌড়ে পালাতে গিয়ে পাশের একটি ক্ষেতে পড়ে যায়। সেখানে চৈতাকে হাসুয়া দিয়ে কোপানো হয়। পরে তাকে ভ্যানে তুলে নিয়ে শেখাহাতি জামে মসজিদের সামনে তার ডান হাতের কব্জি দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। এরপর স্থানীয় এলাকাবাসী চৈতাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে চৈতা মারা যায়। এ বিষয়ে চৈতার বাবা মোস্তাফিজার ১১ জনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ১ নম্বর আসামি গ্রেফতার হওয়া হাসেন মিয়া।
এর আগে গত ২০১৯ সালের ১২ জুন গভীর রাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নারচী শেখাহাতি গ্রামের হাছেন আলীর ছেলে বদরুল ইসলামকে (৪৫) গভীর রাতে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। ১৩ জুন সকালে গরু চুরির অপবাদে বদরুলকে শেখাহাতি জামে মসজিদের পাশে একটি কাঁঠাল গাছের সাথে বেধরক মারপিট করা হয়। পরে বদরুলের স্ত্রী এসে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেও দুর্বৃত্তরা বদরুলকে মারতে থাকে। তাদের মারপিটে বদরুল মারা গেলে তাকে শেখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে রাখা হয়। পরে সারিয়াকান্দি থানার পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় বদরুলের স্ত্রী মাবিয়া বেগম (৪০) সারিয়াকান্দি থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটির ৯ নম্বর আসামি হাসেন মিয়া।
সারিয়াকান্দি থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক জানে আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি হাসেনকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি হাসেন মিয়াকে শুক্রবার দুপুরে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
