বগুড়ায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন নিহত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত দুইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নাম আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়াও কয়েক মাস আগে তিনি জমি কেনাবেচা ও বালুর ব্যবসাও শুরু করেছিলেন।
নিহতের ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার পর কে বা কারা আবু সাঈদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। এসময় সে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু সাঈদের বাবা ইউসুফ আলী জানান, ‘আমার ছেলেকে কি কারণে হত্যা করা হয়েছে জানি না। আমার ছেলের হত্যার বিচার চাই।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ‘আবু সাঈদকে কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে। নিহতের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
