বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রাহুল সরকার (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ায় অতর্কিত হামলায় নিহত হন তিনি।

নিহত রাহুল সরকার বগুড়া শহর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আব্দুস সোবাহান সরকারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তর পাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেওয়া আছে। সেই পুকুরে মাছ ধরছিলেন তিনি। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় রাহুল ঘটনাস্থলেই মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বগুড়া শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা জানান, এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশ মাঠে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights