বগুড়ায় নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অধীনস্ত, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কীভাবে জাতির পিতার নেতৃত্বে বীর বাঙালি যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই ইতিহাস শুনে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কথা শোনালেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল কমিক মন্টু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বুলু, বীর মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান ঠান্ডু।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার রেবেকা সুলতানা, জেলা শিক্ষা কর্তকর্তা হযরত আলী ও জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন।
