বগুড়ায় পুকুর থেকে অর্ধকোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে পুকুর খননের এক মাস পর কষ্টিপাথরের একটি বিষ্ণমূর্তি উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী মাদ্রাসা মাঠ এলাকা থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীরা জানান, একমাস আগে মামুরশাহী দাখিল মাদ্রাসার প্রায় ছয় বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করা হয়। সেই সাথে পুকুর সংস্কারের মাটি পাশের ফেরদৌস আলমের মালিকানাধীন কৃষি জমির মধ্যে স্তুপ করে রাখা হয়। শনিবার বিকেলে ওই জমির পাশে স্থানীয় দুই শিশু শিফাত (১২) ও আব্দুল বারী (৯) খেলাধুলা করছিল। এক পর্যায়ে মূর্তিটি দেখতে পেয়ে বাবা মাকে জানায়। তারা গ্রামের লোকজনকে জানালে দ্রুত তারা ঘটনাস্থলে সেটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শাহেব আলী ও ইব্রাহিম হোসেন জানান, মাটির স্তুপের মধ্যে মূর্তিটি ঢাকা পড়ে। তবে বিগত দুইদিনের বৃষ্টিতে সেটি বেড়িয়ে পড়ে। প্রথমে দুই শিশু দেখে তাদের খবর দেয়। এরপর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটির ওজন দশ কেজি নয়শ’ গ্রাম। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকারও বেশি।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি লম্বায় প্রায় দেড় ফুট। এটি পুরোপুরি অক্ষত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights