বগুড়ায় পুলিশের ওপর ‘হাত বোমা’ ছোড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সড়কে তারা টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সেখানে পুলিশ আসলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এছাড়াও একই সময়ে শহরের নামাজগড়ে বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব ঝটিকা মিছিল বের করা হয়।
এদিকে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে হরতালের সথর্মনে শহরের বটতলা এবং পিটিআই মোড়ে মিছিল বের করা হয়। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বগুড়ার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার জানান, সড়কে আগুন জ্বালিয়ে কাউকে জনগণের জানমালের ক্ষতি করতে দেওয়া যাবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights