বগুড়ায় ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ১ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুন নাহার বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী যানবাহনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। আহত শিক্ষার্থী বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর-বগুড়া মহাসড়কের গোকুলে অবস্থিত। ইতিপূর্বেও বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক সড়ক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপারের জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।
এসময় পিইউবি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
এদিকে, প্রায় দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করায় দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে করে চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।
