বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী নিহতের ঘটনায় যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থী মো. জামিল শেখ (১৬) নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি মো. শাকিল আহম্মেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১টা ৩০ মিনিটে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত ৩ আগস্ট বিকেলে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে মারামারি থামাতে গেলে প্রধান আসামি শাকিল আহম্মেদ জামিল শেখকে লাথি মেরে গুরুতর আহত করেন। পরে তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে জামিলকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা মো. রফিকুল ইসলাম। মামলায় শাকিলসহ চারজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, নিহত জামিল শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights