বগুড়ায় বিষ দিয়ে তিনটি গরুকে মেরে ফেলার অভিযোগ
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার ধুনটে বিষ প্রয়োগে একটি গর্ভবতী গাভীসহ তিনটি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই খামারীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের দর্জি মোতালেব শেখের ছেলে আমিরুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বাড়িতে তার স্ত্রী গরুগুলো পরিচর্যা করতেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। রাত আনুমানিক ১১টার দিকে গরুগুলো হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। একপর্যায়ে একে একে তিনটি গরু মারা যায়।
খামারী আমিরুল ইসলাম জানান, গর্ভবতী গাভীটির পেটে থাকা অনাগত বাছুরসহ মোট তিনটি গরুর মৃত্যু হয়েছে। একজন গ্রামীণ চিকিৎসক গরুগুলোর মৃত্যুর লক্ষণ দেখে বিষক্রিয়ার কথা উল্লেখ করেছেন।
