বগুড়ায় ব্যবসায়ীর উপর হামলা, ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সদরের কুটুরবাড়ী এলাকার মুরগি ব্যবসায়ী সেলিম মিয়ার উপর হামলায় জড়িত সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার জয়বাংলা হাট এলাকায় কুটুরবাড়ি গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন জয়বাংলা হাট বন্দর কমিটির সভাপতি ও হামলার শিকার সেলিমের বাবা মো. গিয়াস উদ্দিন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী জেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, জয়বাংলা হাট বন্দরের ব্যবসায়ী হেলাল উদ্দিন, জাহানুর, সিটু মিয়া, খলিলুর রহমান, ফটিক, রতন, শাহিন, রনক, জুয়েল, রেজাউল করিম, আবু বক্কর, দুলাল মিয়া, মিঠু মিয়া, বাবলু মিয়া, সাইফুল ইসলাম ও আলম বাদশা।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মুরগি ব্যবসায়ী সেলিমের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মানিকচক এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদী হাসান শাওনসহ তার দলবল। সেলিম কুটুরবাড়ি দক্ষিণপাড়ার মো. গিয়াস উদ্দিনের ছেলে। ওই দিন রাত সাড়ে ১০টায় সেলিমের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এতে সেলিম গুরুতর আহত হয়।
এ ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শাওনসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
