বগুড়ায় মাদকাসক্ত বাবার হাতে শিশু সন্তান খুন

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে তার ৫মাস বয়সী শিশু সন্তানকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর তিনটার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর ছেলে। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে তার শিশু সন্তান আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights