বগুড়ায় মেয়ে হত্যার অভিযোগে মা আটক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলায় নিজের মেয়েকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার ১০ দিন পর মাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকাল ৪টায় ধুনট পৌরসভার চান্দারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে ঘরের মেঝে খুঁড়ে মেয়ের গলিত লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দারপাড়া এলাকার মৃত দুলু মিয়ার মেয়ে স্বামী পরিত্যাক্ত মর্জিনা খাতুন (৩৬) ও তার মা রওশনারা বেগম (৫৫) রওশনারার ছেলে রাব্বি ইসলাম (২০) ও ছেলে বউ নুপুর খাতুন (১৮) একই বাড়িতে বসবাস করতো। সহায় সম্বল বলতে মাথা গোঁজার সামান্য বসতভিটা। তাদের চার সদস্যর অভাব অনটনের সংসার। কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে মর্জিনার কোন খোঁজ খবর পাচ্ছিলেন না প্রতিবেশিরা। এরপর ঘরে তালা দিয়ে মা রওশনারা বেগম একাই ঢাকায় চলে যায়। এলাকাবাসির সন্দেহ হলে থানা পুলিশে খবর দেয়। স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে ধুনট থানা পুলিশ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে শনিবার বিকালে রওশনারাকে আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা প্রকাশ পায়। পরে রওশনারার নিজ বাড়ির শয়ন ঘরের মেঝের মাটি খুঁড়ে তার মেয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। আনুমানিক ১০ দিন আগে মর্জিনাকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন। আটকের পর রওশনারা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হত্যাকান্ডের সঙ্গে আর কারা জড়িত এবং কেনই বা তাকে হত্যা করা হয়েছে এসব বিষয়ে আরো তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
