বগুড়ায় স্কুল মাঠে মেলা নিয়ে দ্বন্দ্ব, হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার একটি স্কুল মাঠে অবৈধভাবে মেলা বসানোকে কেন্দ্র করে কথিত কিশোর গ্যাংয়ের হামলায় দুই জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত সোমবার হারান নামে এক ব্যক্তি বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে,আজ মঙ্গলবার থেকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, স্কুল মাঠে মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছে।

মেলা বিরোধীরা আরও অভিযোগ করেন, প্রতিবাদ করায় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা হীরাসহ কয়েকজন যুবককে ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে হুমকি দেয় কিশোর গ্যাংয়ের সদস্য রাকিব রায়হান, নাহিদ ও স্বাধীন। এঘটনায় গত ১৩ এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে ধুনট থানায় জিডি করেন হীরা।

বিরোধীরা অভিযোগ করে বলেন, ২৫ এপ্রিল থেকে পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করে ওই কিশোর গ্যাং। এর আগে গতকাল সোমবার রাতে অস্ত্র হাতে নিয়ে মাইকিং করে মেলার প্রচারণাও চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা অস্ত্র হাতে প্রচারণা চালায়। এসময় রাস্তায় মেলা বিরোধী দুই জনকে বেধড়ক পিটিয়ে আহত করে কিশোর গ্যাংয়ের সদস্য কাইয়ুম, স্বাধীন, রায়হান ও সাব্বীরসহ ৯ জন। তাদের হামলায় আহতরা হলেন ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ওসমানের ছেলে পলাশ ও রকি।
ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘স্কুল মাঠে মেলা লাগানোর জন্য আমাদের কাছ থেকে কোন অনুমতি নেয়া হয়নি। কিছু যুবক এসে দপ্তরির কাছ থেকে চাবি নিয়ে গেইটের তালা খুলে সেখানে মেলা বসিয়েছে।’

মেলার আয়োজক কমিটির সভাপতি গোসাইবাড়ি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রহমান বলেন, স্থানীয় যুব সমাজের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। তবে অনুমোদনের জন্য চেষ্টা করা হচ্ছে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, কিশোর গ্যাংদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মেলাকে কেন্দ্র করে মারপিটের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া স্কুল মাঠে মেলার কোন অনুমোদন আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights