বগুড়ায় স্বাধীনতা ও ঈদ উৎসব উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
‘পুণ্ড সংস্কৃতি আমাদের ঐতিহ্য’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বগুড়ায় চিত্রাঙ্কন, সংগীত এবং আবৃতি প্রতিযোগিতার মধ্য দিয়ে স্বাধীনতা ও ঈদ উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া সাংস্কৃতিক ফোরাম দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে। উৎসব কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বিশিষ্ট সংগীত শিল্পী শওকত হায়াত, বগুড়া সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার, সদস্য লায়ন আতিকুর রহমান মিঠু, নজিবর রহমান জিয়া, ইসলাম রফিক, এসএম বেলাল হোসেন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজুসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। সকল অপসংস্কৃতিকে রুখে দিয়ে আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। বগুড়ায় রেডিও সেন্টার ও টিভি সেন্টার স্থাপন হবে। আগামীতে বগুড়ার সংস্কৃতির উন্নয়ন ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।
নাট্যকর্মী অলক পালের সঞ্চালনায় দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সংগীত ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর বিকালে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এরপর সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
