বগুড়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিরা হলেন-নন্দীগ্রাম উপজেলার নিম গ্রামের হেফজুল মিঠু (৪০) ও তার স্ত্রী আফরোজা বেগম (৩৫)। তারা শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকায় ভাড়া থাকতেন। হেফজুল পেশায় বগুড়া শহরের আশপাশে গাছ কেনাবেচার ব্যবসা করতেন।
মৃত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
তাদের স্বজনরা জানান, প্রায় একযুগ আগে নন্দীগ্রামের হেফজুলের সাথে শাজাহানপুরে প্রাণবাড়িয়া গ্রামের আফরোজার বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। ভাগ্যে বদলের চেষ্টায় হেফজুল ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়াতে প্রবাস জীবন কাটান। করোনা মহামারিতে সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে তিনি শাজাহানপুরে টিনশেড বাড়ির দুই কক্ষ ভাড়া নিয়ে ভায়রা জুয়েল হাসানের সাথে গাছ কেনাবেচার ব্যবসা শুরু করেন।
স্থানীয় ফোকাস সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান থেকে হেফজুল সম্প্রতি দেড় লাখ টাকা ঋণও নিয়েছিলেন। তবে সেই টাকা পরিশোধ নিয়ে কোনো চাপ ছিল না তার। প্রায় তিন মাস আগে তার স্ত্রী আফরোজা হৃদরোগে আক্রান্ত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও তার ডায়াবেটিসের সমস্যাও ছিল।
ভাড়া বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, হেফজুল তার স্ত্রীকে নিয়ে দুই বছর আগে তার বাড়ি ভাড়া নেন। তারা স্বামী-স্ত্রী মিলেমিশে থাকতেন। কখনও তাদের মধ্যে ঝগড়া দেখিনি। আজ সকালে হেফজুলকে আড়িয়াতে বাজার করে বাড়ি ফিরতে দেখি। এর কিছুক্ষণ পর আমার মেয়ে ফোনে জানান হেফজুল ও আফরোজা অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত বাসায় গিয়ে দেখি তারা ছটফট করছিলেন ও কোনো কথা বলতে পারছিলেন না। এসময় আফরোজার বোন শিমুর সহযোগিতায় তাদের শজিমেক হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
হেফজুলের ভায়রা জুয়েল জানান, আফরোজার সঙ্গে হেফজুলের প্রায় একযুগ আগে বিয়ে হয়। শুরু থেকেই তিনি গাছের ব্যবসা করেন।
শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, তারা বিষপান করে মারা গেছেন, এটা বলা সম্ভব না। কারণ চিকিৎসা দেওয়াই সম্ভব হয়নি। কিন্তু মৃত্যুর আগে তারা দুজনই ছটফট করছিলেন। বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে। আর পুলিশ স্থানীয়ভাবে ঘটনা জানার চেষ্টা করছে।
