বগুড়ায় ৩৯টি স্টল নিয়ে শুরু একুশে বই মেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় ৩৯টি স্টল নিয়ে শুরু হলো অমর একুশে বই মেলা। সোমবার বিকাল ৫টায় শহরের শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ১০ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা জিয়াউল হক বাবলা, মতিয়ার রহমান, লুবনা জাহান, অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, অ্যাডভোকেট নরশ মুখার্জী প্রমুখ।

মেলায় নিউজ কর্নার পাবলিশিং, বগুড়া অনলাইনবুক সপ, ইশা প্রকাশন, মদিনা অক্সফোর্ড লাইব্রেরি, আল মদিনা লাইব্রেরি ও ভিন্নদৃষ্টি পাঠশালাসহ মোট ৩৯টি স্টল স্থান পেয়েছে।
নিউজ কর্নার পাবলিশিং এর স্বত্বাধিকারী কালীপদ সেন টিপু জানান, এবারে মেলার প্রধান আকর্ষণ ইলমা বেহরোজ এর লেখা পদ্ম যা। যেটি পাঠকদের মন কেড়েছে। এছাড়াও কবি জাফর ইকবাল ও আনিছুল হকসহ অন্যান্য কবির লেখা বই পাঠকদের মন জয় করছে। তিনি আরও জানান, মেলায় বই বিক্রি বড় কথা নয়, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বই সম্পর্কে জানতে পারবে। বর্তমান ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহারে বেশি আগ্রহী। তাদের বেশি বেশি বই পড়তে আগ্রহী করার জন্য এ মেলার আয়োজন।

বই কিনতে আসা শহরের কোন এলাকার নবম শ্রেণীর ছাত্রী নওরিন তাবাসসুম জানান, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশে বই মেলায় এসেছি। মেলায় এসে কবিদের লেখা বিভিন্ন বই দেখে মুগ্ধ হয়েছি।

বইমেলায় প্রতিদিন বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights