বগুড়ার চারমাথা বাসস্ট্যান্ড আধুনিকায়ন করা হবে : মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়ার দীর্ঘদিনের পুরোনো চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, সুষ্ঠু পার্কিং সুবিধাসহ দ্রুত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও শহর শ্রমিক দলের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুরোনো এই বাসস্ট্যান্ডটি এতদিন সংস্কারের দাবি না উঠলেও এখন দ্রুত উন্নয়ন উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, তিন থেকে চার কোটি টাকা ব্যয়ে শ্রমিকদের জন্য বাসযোগ্য পরিবেশ এবং পরিবহন মালিকদের জন্য সুষ্ঠু পার্কিং সুবিধাসহ একটি আধুনিক বাসস্ট্যান্ড গড়ে তোলা হবে।
এসময় তিনি সংশ্লিষ্ট মোটর শ্রমিক ইউনিয়ন ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দদের প্রয়োজনীয় বিষয়সমূহ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান। যাতে প্রাক্কলন তৈরি করে দ্রুত বাস্তবায়ন করা যায়। এ ক্ষেত্রে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা-এর পরামর্শ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, বগুড়া একটি গুরুত্বপূর্ণ জেলা এখানে এমন কোনো কাজ করা যাবে না, যাতে জেলার সুনাম ক্ষুণ্ন হয়।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি-আব্দুল হামিদ মিটুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামানসহ মোটর শ্রমিক ইউনিয়ন ও পরিবহন মালিক সমিতির নেতাকর্মী এবং সদস্যরা।
অনুষ্ঠানে ২০২০ ও ২০২১ সালে মৃত্যুবরণ করা ২০ জন শ্রমিকের পরিবারের মাঝে প্রতিজনকে ৩০ হাজার ১ টাকা করে মোট ৬ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
