বগুড়া ১৯ বছর উন্নয়ন বঞ্চিত ছিল : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, বগুড়া
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায় হওয়ায় এই জেলা ১৯ বছর উন্নয়ন বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া যাত্রা শুরু করেছে। এখন আর এই জেলা পিছিয়ে থাকবে না। সারাদেশের সম উন্নয়নের ধারায় বগুড়ার উন্নয়ন হবে। এই জেলার মানুষ নিদারুণ যন্ত্রণায় ছিলেন। বগুড়ার কথা শুনলে ফ্যাসিস্ট হাসিনা তিরস্কার করতেন।
বুধবার দুপুর ১২টার দিকে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার মাজারে নবনিযুক্ত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসককে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ সারাদেশে উন্নয়ন হচ্ছে।
এসময় নবনিযুক্ত বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।
এসময় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য জিএম সিরাজ, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি উপস্থিত ছিলেন।
এদিন ঢাকা থেকে ফিরে বিকালে নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বগুড়ার মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ:) কবর জিয়ারত করেন। পরে নিজের পিতৃভূমি শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামে মরহুম পিতা মাতার কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদেম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, যুবনেতা আহসান হাবিব মমি, আশরাফুজ্জামান প্রবাল ও উজ্জল হোসেন প্রমুখ।
