বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারি পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মূল কাঠামোর মেশিনারি সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার। জাহাজটি মঙ্গলবার দুপুর দেড়টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এমভি জুপিটার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক শওকত আলী জানান, জাহাজটিতে স্টিলের পাইপসহ ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। বিকাল থেকে এসব মেশিনারি পন্য খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজটি গত ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা করে মোংলা বন্দরে পৌঁছায়। খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌঁছে দেয়া হবে। এর আগে গত ২২ জানুয়ারি তিন হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি কুই ইয়া শান জাহাজ। সেসব পণ্যও নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌঁছে দেয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী জানান, বন্দরের ৮ নম্বর জেটিতে আসা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর সরঞ্জাম দ্রুত খালাস করে দেয়া হবে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এতেই বোঝা যায়, মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প বস্তবায়ন হলে এই বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights