বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কাজ চলছে: বিএসইসি চেয়ারম্যান
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, ঝুঁকিমুক্তভাবে ব্যবসার স্থিতিশীল উন্নয়নের জন্য পুঁজিবাজার থেকে মূলধন আহরণ শ্রেয়। কিন্তু বাংলাদেশে পুঁজিবাজারে কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে দীর্ঘসূত্রিতার কারণে মানি মার্কেট বা অর্থলগ্নি খাত থেকে টাকা সংগ্রহ করেন ব্যবসায়ীরা। এজন্য পুঁজিবাজারে যেমন কাঙ্ক্ষিত গতিশীলতা আসে না, তেমনি ব্যবসার টেকসই প্রসার ঘটে না। পুঁজিবাজারে যাতে বড় বড় মানসম্পন্ন কোম্পানিগুলো সহজে সরাসরি তালিকাভুক্ত হয়ে অর্থ সংগ্রহ করতে পারে সেজন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লি. এর যৌথ উদ্যোগে ক্যাপিটাল মার্কেট বিষয়ক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ঋণখেলাপি হওয়া থেকে নিষ্কৃতি, যেকোনো সময় ডাইরেক্টরশিপ ছেড়ে দেওয়া, করপোরেট ট্যাক্স হারে ছাড়, ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি হ্রাস এবং সহজে ব্যাংকঋণ পাওয়ার মতো অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। তা ছাড়া কোম্পানির কৌশলগত বিনিয়োগ বা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ সহজতর হয়।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ব্যবসায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লাভ করতে না পারলেও ডিভিডেন্ড দিতে হয়। এ ধরনের নিয়মের কারণে অনেকেই তালিকাভুক্ত হতে চায় না। আবার তালিকাভুক্ত হলে বিভিন্ন নিয়মের বেড়াজালে আটকে থাকতে হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যবসায় লাভ করলে ডিভিডেন্ড দেবে, লোকসান হলে দেবে না। তাই পুঁজিবাজারকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।
বিশেষ অতিথি ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের পুঁজিবাজার পঙ্গু হয়ে আছে। দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। এজন্য শক্তিশালী রেগুলেটরি কমিশন প্রয়োজন।
বিশেষ অতিথি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান করপোরেট গভর্ন্যান্স ও ইন্টারনাল অডিট সিস্টেম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আইডিএলসি ফাইন্যান্স চেয়ারম্যান কাজী মাহামুদ সাত্তার বলেন, পুঁজিবাজারের মিচ্যুয়াল ফান্ড মার্কেট এখনো শক্তিশালী নয়। আইপিও’র ক্ষেত্রেও রয়েছে নানা বাধা। এজন্য এনবিআরকে সঙ্গে নিয়ে ট্যাক্স-সংক্রান্ত বিষয়গুলো যাতে পুঁজিবাজারের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকে লক্ষ রেখে বিএসইসিকে কাজ করতে হবে।
সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, আইডিএলসি ফাইন্যান্স’র ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, বিএসআরএম চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী প্রমুখ।
