বড় ঝুঁকি, তবুও পালান্টিরের সঙ্গেই চুক্তি করছে ডব্লিউএফপি

অনলাইন ডেস্ক

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আমেরিকার বিতর্কিত ডেটা সফটওয়্যার প্রতিষ্ঠান পালান্টিরের সঙ্গে তাদের চুক্তি নবায়ন করতে যাচ্ছে। অভ্যন্তরীণ এক ফাঁস হওয়া প্রতিবেদনে গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করা হলেও এই পাঁচ বছরের চুক্তি চূড়ান্ত করা হচ্ছে।

ফ্রান্স টোয়েন্টিফোরের হাতে আসা ২০২৫ সালের আগস্ট মাসের ওই অভ্যন্তরীণ অডিট প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায় পালান্টিরের সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির বিষয়টি সঠিকভাবে মোকাবিলা করা হয়নি।

ডব্লিউএফপি কোটি কোটি মানুষের সংবেদনশীল বায়োমেট্রিক তথ্য ও সহায়তার ডাটাবেজ পরিচালনা করে থাকে। এই বিশাল লজিস্টিক ও সাপ্লাই-চেইন ডেটা প্রসেসিংয়ের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থার তহবিলপুষ্ট পালান্টিরের তৈরি ডিওটিএস সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে।

তবে জাতিসংঘের অভ্যন্তরেই এই প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। এক পক্ষ দ্রুত কার্যকারিতা ও দক্ষতার ওপর জোর দিলেও, অন্য পক্ষ মনে করছে পালান্টিরের মতো সামরিক নজরদারির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা সংস্থার মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক।

ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে যে চুক্তিটির লাইসেন্সিং শর্তাবলীতে এমন কিছু অস্পষ্ট ধারা রয়েছে যা ব্যবহারকারীর তথ্য দিয়ে কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা বা অ্যালগরিদম উন্নত করার সুযোগ করে দিতে পারে। যদিও পালান্টিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ক্লায়েন্ট ডেটা নিজেদের মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করে না।

ডব্লিউএফপির ভেতরে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং সম্প্রতি ভারপ্রাপ্ত ডিরেক্টরের কাছে স্টাফদের স্বাক্ষরিত একটি প্রতিবাদী চিঠিও জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উচ্চ খরচ এবং সিস্টেম পরিবর্তনের জটিলতার কারণে সংস্থাটি এই ভেন্ডর লক-ইন চুক্তি থেকে সহজে বের হয়ে আসতে পারছে না।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তহবিল সংকটের মুখে থাকা এবং রাজনৈতিক পরিবর্তনের জটিল সমীকরণের মধ্য দিয়ে যাওয়া ডব্লিউএফপি বলছে যে তাদের নিজস্ব ডেটা সুরক্ষার জন্য কঠোর নীতিমালা রয়েছে। তবে সমালোচকরা বলছেন যে ক্ষুধা ও সংকটে থাকা লাখো মানুষের চলাফেরা ও জীবনযাত্রার তথ্য তৃতীয় পক্ষের হাতে যাওয়া বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।
এর আগে ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিজএসআই এবং যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেটা সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে পালান্টিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে।

এমন বিশ্বজোড়া প্রতিরোধ ও উদ্বেগের মাঝেও জাতিসংঘের এই সংস্থার চুক্তি নবায়নের সিদ্ধান্ত মানবিক সহায়তার স্বচ্ছতা ও ডেটা সুরক্ষার প্রশ্নটিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights