বড় লিডে পাকিস্তানকে চেপে ধরেছে ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান অলআউট হয়েছিল মাত্র ১৭১ রানে। বল হাতে ঘুরে দাঁড়ানোর একটা ক্ষীন আশা জাগিয়েছিলেন ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা স্পিনার আলি উসমান। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।
আলি উসমানের এই অনন্য কীর্তির পরও স্বস্তিতে নেই সফরকারীরা। জো রুট ও হ্যারি ব্রুকের দারুণ ব্যাটিংয়ে ইতোমধ্যেই ১৯৫ রানের বিশাল লিড চাপিয়ে দিয়েছে ইংল্যান্ড।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৬৬ রান।
হেডিংলিতে শুরুর ধাক্কা সামলে ইংলিশদের শক্ত ভিত গড়ে দেন জো রুট ও জর্ডান কক্স। দু’জন গড়েন ১৫০ রানের এক দুর্দান্ত জুটি। তাতেই মূলত খেই হারিয়ে ফেলে পাকিস্তানের বোলিং আক্রমণ। ১০০ বলে ১৪টি চারের সাহায্যে ৭৩ রান করে বিদায় নেন কক্স।
তার বিদায়ের ৪ বলের মাথায় মাঠ ছাড়েন রুটও (১১২ বলে ৬৬ রান)। এই ইনিংসের পথেই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেন রুট। টেস্টে এটি তার ৪৮তম ফিফটি। পাশাপাশি অধিনায়ক হিসেবে ৪২তম ফিফটি হাঁকিয়ে ইতিহাসের বিশেষ এক ক্লাবে নাম লিখিয়েছেন এই ইংলিশ ব্যাটার। তার আগে আছেন বিশ্ব ক্রিকেটের আর মাত্র চার অধিনায়ক।
রুটের বিদায়ের পর পাকিস্তানের কাঁধে চেপে বসেন হ্যারি ব্রুক ও ড্যান লরেন্স। পঞ্চম উইকেটে ১২০ রানের দ্রুতগতির জুটি গড়ে দলকে বিশাল লিডের পথে নিয়ে যান তারা। লরেন্স ৭৯ বলে ৫১ রান করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরির পথেই ছিলেন ব্রুক। কিন্তু ৯১ রানে এসে আলি উসমানের বলে বোল্ড হয়ে ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে (৯৩ বলে ৯১ রান)। দিনের খেলা শেষে ইংলিশদের একমাত্র স্বীকৃত ব্যাটার জেমি স্মিথ ১৬ রানে অপরাজিত আছেন।
এদিকে, ইংল্যান্ড রানের পাহাড় গড়লেও একপ্রান্তে আলো ছড়িয়েছেন পাকিস্তানের স্পিনার আলি উসমান। ইংলিশদের ৫ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে প্রথমবার ‘ফাইফারের’ স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে গত এক দশকে ইংল্যান্ডের মাটিতে কোনো পাকিস্তানি স্পিনার হিসেবে প্রথম ৫ উইকেট শিকারের মাইলফলকও ছুঁলেন, যার সর্বশেষ কীর্তিটি ছিল ২০১৬ সালে ইয়াসির শাহর। দলের হয়ে বাকি ৩টি উইকেট ভাগাভাগি করে নেন মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলি।
