বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর, নৌ-পরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে।
তিনি সকলকে দেশের স্বার্থে বন্দরকে সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে না বলে তিনি আশ্বস্ত করেন। তিনি বলেন, যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত।
