বন্ধুর হাতে বন্ধু খুন

পিরোজপুর প্রতিনিধি:

স্ত্রী বিচ্ছেদের জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর হাতে জাফর আলী খান (৪৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত জাফর পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে এবং আওড়াবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার সন্ধ্যার পর ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ গ্রহন শেষে বাড়ি ফেরার পথে তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তার বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান এবং তার সহযোগীরা। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানের সাথে জাফরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা নিয়মিত একজন আরেক জনের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে জাফরের স্ত্রীর সাথে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর পূর্বে মিজান তাকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দের সৃষ্টি হয়। এরই জেরে জাফর তার বন্ধু মিজানের উপর হামলা করে এবং কুপিয়ে মিজানের হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন করে দেয়।
এ ঘটনার জেরে বুধবার মিজানের গ্রাম থেকে জানাজায় অংশ নেয়া শেষে ফেরার পথে জাফরের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মিজান এবং তার সহযোগীরা। এরপর তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর তাকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মিলন মন্ডল জানান, নিহত জাফরের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights