বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অক্সফ্যামের ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক
টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জেলার মানুষদের সহায়তায় ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অক্সফাম ইন বাংলাদেশ। পাশাপাশি সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানায়।

অক্সফাম জানায়, ১৪ জুলাই পর্যন্ত বন্যায় ৫৪ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। বন্যায় ঘরবাড়ি, সড়ক, বাঁধ, কৃষিজমি, পানির উৎস, শৌচাগার ও মৎস্য খামার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, বন্যার কারণে মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বহু পরিবার ঘরবাড়ি ও আয়ের উৎস হারিয়েছে। অন্যদিকে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবিরগুলোতে অস্থিতিশীল পাহাড়ি ঢালে বসবাসকারী মানুষ বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, অন্তত ৩ হাজার ৫০০টি পানির উৎস এবং ১২ হাজার ৪০০টি শৌচাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। দুর্গত মানুষের জন্য নিরাপদ খাবার পানি, খাদ্য, আশ্রয়সামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, স্যানিটেশন সহায়তা ও নগদ অর্থ এখন সবচেয়ে জরুরি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights