বন্যা পরিস্থিতি : শনিবারের এইচএসসি পরীক্ষা হবে কি না, সিদ্ধান্ত আজ বিকেলে
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিভাগসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজ শুক্রবার বিকেল ৪টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শনিবারের পরীক্ষাও স্থগিত হতে পারে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বন্যা পরিস্থিতি ও স্থানীয় প্রশাসনের মতামত বিবেচনায় নিয়ে বিকেলের মধ্যেই সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, পরিস্থিতি মূল্যায়ন শেষে আজ বিকেল ৪টার মধ্যেই পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরে অনুষ্ঠিত বৈঠকে শনিবারের আলিম পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বন্যা পরিস্থিতির অবনতি হলে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।
শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক), আলিমের ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা।
এর আগে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। ওই স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
