বয়স্ক ও পাগলাটে আখ্যা দিয়ে ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ঘিরে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে জোরালো প্রচারণায় নামলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার রাতে মিশিগানের ডেট্রয়েটে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে ভোটারদের তার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান ওবামা।

তিনি ট্রাম্পকে ‘বয়স্ক’ ও ‘পাগলাটে’ আখ্যা দিয়ে বলেন, তিনি ভোটারদের বিভ্রান্ত করছেন। বিশেষ করে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ওবামা বলেন, ‘ট্রাম্প আপনাদের বিশ্বাস করাতে চান যে সব সমস্যার জন্য অভিবাসীরা দায়ী। যদি কেবল তাদের আটকে দেন, তাহলেই সব সমস্যার সমাধান হবে।’

অভিবাসন ইস্যুতে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যার সমাধান প্রয়োজন। তবে ট্রাম্পের কোনো কার্যকরী পরিকল্পনা নেই। ওবামার দাবি, ট্রাম্পের পরিকল্পনা কেবল মানুষকে বিরক্ত এবং রাগান্বিত করার জন্য। এ পরিকল্পনা এমনভাবে তৈরি করা হয়েছে, যেন সাধারণ মানুষের মধ্যে বিভেদ বাড়ে।
সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণে ট্রাম্পকেই বেশি ভরসা করেন মার্কিন নাগরিকরা। যদিও ওবামা এই ধারণার বিরুদ্ধে কথা বলেছেন। তার বক্তব্যে, কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনাকে অযৌক্তিক হিসেবে প্রমাণ করার চেষ্টা লক্ষ্য করা গেছে।

সমাবেশে মার্কিন র‍্যাপার এমিনেমও উপস্থিত ছিলেন। তিনি কমলা হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। ওবামা মঞ্চে এমিনেমের বিখ্যাত গান ‘লুজ ইয়োরসেলফ’-এর একটি অংশ গেয়ে শোনান, যা সমাবেশে উপস্থিত জনতাকে আরও উদ্দীপ্ত করে তোলে।

বারাক ওবামার সক্রিয় অংশগ্রহণ ডেমোক্র্যাট শিবিরকে আরও উৎসাহিত করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মিশিগানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে যেখানে নির্বাচনের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights