বরিশালের নদীতে নৌবাহিনীর বিশেষ অভিযান, জব্দ বিপুল পরিমাণ অবৈধ জাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মৎস্য সম্পদ সুরক্ষায় বরিশালের বিভিন্ন নদীতে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ চিরুনি অভিযান (‘বিশেষ কম্বিং অপারেশন’) পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা নৌ অঞ্চলের অধীনে বরিশাল জেলার ভাষানচর, কালাইয়া, মেহেন্দিগঞ্জ, লাহারহাট এবং কীর্তনখোলা নদীতে এই অভিযান চালানো হয়।

চিরুনি অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন বানৌজা শহীদ আকতার উদ্দিনের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদুল হাসান। তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ উন্নয়নে উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত ‘বিশেষ কম্বিং অপারেশন’ চারটি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এদিকে নৌবাহিনীর জাহাজ আকতার উদ্দিন এবং বোটের মাধ্যমে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৬৫ হাজার মিটার কারেন্ট জাল, বেহুন্দি জাল দুই হাজার ৪০০ মিটার এবং চরঘেরা জাল ১,৫০০ মিটার জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৭১ লাখ টাকা।

এছাড়া, নৌবাহিনীর সদস্যরা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণাও চালান, যাতে জেলেরা উপলব্ধি করতে পারেন যে নিষিদ্ধ জাল ব্যবহারের মাধ্যমে মাছের বংশবৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

উদ্ধার করা জাল চরকাউয়া এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়, এবং জব্দ করা মাছ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights