বরিশালের মোকামে ইলিশ উঠলেও কমছে না দাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের স্থানীয় নদীতে ইলিশ মাছ ধরা পড়লেও দাম কমছে না। গত দুই দিন ধরে নদীতে মাছ ধরা পড়ছে। তবে সমুদ্রের ইলিশ না আসায় দাম বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বরিশাল নগরীর ইলিশ মোকাম পোর্ট রোডে গত দুই দিন ধরে প্রায় হাজার মণ ইলিশ মাছ কেনা-বেচা হয়েছে।

বাজারের ব্যবসায়ী ইয়ার হোসেন সিকদার বলেন, বুধবার পোর্ট রোড মোকামে প্রায় এক হাজার মণ ইলিশ মাছ বেচা-কেনা হয়েছে। বৃহস্পতিবার একটু কম এসেছে। তাও প্রায় ৯০০ মণ ইলিশ বেচা-কেনা হয়।
তিনি জানান, কয়েকদিন আগে সাগর উত্তাল ছিল। তাই জেলেরা সাগরে যেতে পারেনি। সাগরের মাছ না আসায় ও চাহিদা বেশি থাকায় দাম কমেনি। জেলেরা সমুদ্রে মাছ শিকারে গেছে। তারা ফিরে এলে মাছের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইয়ার হোসেন সিকদার বলেন, স্থানীয় নদীতে বড় সাইজের ইলিশ মাছ নেই। সিংহভাগ ছোট সাইজের ইলিশ। বৃহস্পতিবার পোর্ট রোডে পাইকারি বাজারে দেড় কেজি সাইজ ওজনের ইলিশ প্রতি কেজি দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। এক কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ মাছ প্রতি কেজি এক হাজার ৮০০, এক কেজি সাইজের মাছ এক হাজার ৭০০ ও এক কেজির নিচে এলসি সাইজ এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। আধা কেজি সাইজের মাছ এক হাজার ৩০০, তিনশ’ গ্রাম ওজনের প্রতি কেজি ৮০০ ও আড়াইশ গ্রাম ওজন সাইজের মাছ প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে প্রতি কেজি দুই থেকে তিনশ’ টাকা বেশি দরে বিক্রি হয়েছে।

পোর্ট রোড বাজারে ইলিশ মাছ কিনতে আসা সরকারি কর্মকর্তা আরিফুল হক বলেন, চারটি মাছ কিনেছি। সাতশ’-আটশ’ গ্রাম ওজন সাইজের ওই মাছ প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে ক্রয় করেছি। বর্তমানে ইলিশ মাছের ভরা মৌসুমে দাম যত কম হওয়ার কথা ছিল তা হয়নি। বিক্রেতারা জানিয়েছে, মাছ ধরা পড়ছে কম। কিন্তু বাজারে তো প্রচুর মাছ উঠেছে। সবাই একই দাম হাকে। কর্মকর্তার ধারণা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights