বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে এই মিছিল বের করে মহানগর ও জেলা আওয়ামী লীগ।
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং সাধারন সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার ও ফজলুল হক এভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
