বরিশালে ইয়াসমিন হত্যা দিবসে নারী নির্যাতনের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে নারী নির্যাতনের বিচার দাবিতে বরিশাল নগরে মিছিল করা হয়েছে। শনিবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার আয়োজনে বের করা মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তী অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শম্পা ঘোষ, ৯ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি জোহরা রেখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ।
বক্তারা বলেন, ১৯৯৫ সালে ইয়াসমিন নামে একজন ১৪ বছরের কিশোরী ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে রাস্তা ভুল করায় বাস থেকে নেমে যায়। পরে পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে ধর্ষণ করে হত্যা করে লাশ রাস্তায় ফেলে চলে যায়। সেই ঘটনার বিচার দাবিতে দিনাজপুরে বিশাল আন্দোলন তৈরি হয় এবং সাতজন নিহত হয়।

বক্তারা বলেন, এক ইয়াসমিন হত্যার ২৯ বছর পার হলেও আজ পর্যন্ত নারী নির্যাতন বন্ধ হয়নি। তনু থেকে শুরু করে শতশত ধর্ষণ ও হত্যার বিচার হচ্ছে না।

বক্তারা অবিলম্বে সকল নারী নির্যাতনের বিচার, সমকাজে সমমজুরি, সম্পত্তির সমানাধিকার দাবি করেন। বক্তারা একইসাথে জুলাই অভ্যুত্থানে সকল হত্যার বিচার দাবি করেন ও বন্যার্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন কার্যক্রম চালানোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights