বরিশালে জমি নিয়ে বিরোধে হত্যায় ভাই-ভাতিজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার ঘটনায় ভাই-ভাতিজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) সন্ধ্যার পরে এ ঘটনায় রাতে চারজনকে গ্রেফতার করা হয় বলে মুলাদী থানার ওসি কেএম মাসুদ রানা জানিয়েছেন।

নিহত আনোয়ার হোসেন ঢালী (৫৫) উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে। গ্রেফতার হয়েছেন- নিহতের চাচাতো ভাই মোস্তফা ঢালী, ছেলে ইমরান ঢালী, সহযোগী আবু হাওলাদার ও আবুল ফজল রমজান।

মুলাদী থানার ওসি কেএম মাসুদ রানা মামলার বরাতে জানান, আনোয়ার ঢালীর জমি তাঁর চাচাতো ভাই মোস্তফা ঢালী ও তাঁর ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক দখলে রেখেছেন। রবিবার দুপুরে আনোয়ার ঢালী ওই জমিতে ধান চাষ করার কথা জানিয়ে দেন। এ নিয়ে মোস্তফা ঢালীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে চলে যান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে সাত-আটজন লোক লাঠিসোঁটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করেন। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে চলে যান। পরে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ২টার দিকে আনোয়ার ঢালীর মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতে নিহতের মারধরের অভিযোগ এনে স্বজন রেজাউল করিম সরদার বাদী হয়ে রবিবার রাতে মামলা করে। মামলার পর এজাহারনামীয় ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সোমবার আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights