বরিশালে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫

অনলাইন ডেস্ক

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৬৫ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুর রহিম (৪৫) ও সবিতা বৈরাগী (৫৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২৮ জন মারা গেছেন।

শনিবার বিকেল পৌনে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মৃত আব্দুর রহিম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এছাড়া বরিশালের বানারীপাড়া উপজেলার সবিতা বৈরাগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট রাতে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬৫ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০৮ জন, পটুয়াখালীতে ৩৩ জন, পিরোজপুরে ৫০ জন, ভোলায় ৪১ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে দুজন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১০ হাজার ৮৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৭৩ জন। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ভোলায় চারজন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে দু’জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights