বরিশালে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের জাল ফেলা নিয়ে জেলেদের দুই পক্ষের সংঘর্ষের মেঘনা নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার হয়েছে। রোববার সন্ধ্যায় মেঘনা নদীতে জাল ফেলা নিয়ে হিজলা ও পাশের মেহেন্দিগঞ্জ উপজেলার জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাঠির আঘাতে কিশোর সোহাগ হাওলাদার (১৬) নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সোমবার বিকেলে তার লাশ মেঘনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।

জেলে সোহাগ বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশিয়া গ্রামের আকতার হোসেনের ছেলে।

পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, মেঘনা নদীর হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জাল ফেলা নিয়ে জেলেদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মেহেন্দিগঞ্জের দাদপুর এলাকার জেলেদের লাঠির আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয় কিশোর সোহাগ। সোমবার বিকেল তিনটার দিকে হিজলার বোম্বে শহরের বিপরীতে মেঘনা নদীর নাসিরের মাছ ঘাট এলাকায় ভেসে উঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিদর্শক বলেন, সোহাগের মাথায় লাঠির আঘাতের চিহৃ পাওয়া গেছে। এ ঘটনায় সোহাগের বাবা বাদী হয়ে হিজলা থানায় মামলা করবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights