বরিশালে পুলিশের ভুয়া কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরী থেকে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার জানিয়েছেন।

আটক অভিষেক ওরফে সোম অভি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা লক্ষন চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে। সোম অভি বরিশাল নগরীর কালিবাড়ী রোডের সরদার ম্যানশনের ভাড়াটিয়া বাসিন্দা।
তার কাছ থেকে উদ্ধার করা চারটি পরিচয়পত্রের তিনটিতে নিজেকে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল ও একটি বাংলাদেশ পুলিশের এসআই ছোটন ইসলাম জসিম উল্লেখ করেছে। তিনটি পরিচয় পত্রে পুলিশ নম্বরও রয়েছে। এছাড়াও তার কাছ থেকে একটি ওয়াকিটকিও উদ্ধার করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড ইছাকাঠি শাহ পরান সড়কে একটি খাবার হোটেলের সামনে এসে অবস্থান নেয় সোম অভি। পরে সেখানে নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জানায় এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করতে এসেছেন। পরে তালিকায় থাকা দুইজনকে ডেকে এনে টাকা দিলে নাম বাদ দেয়া হবে। তখন সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করলে পরিচয়পত্র এবং ওয়াকিটকি প্রদর্শন করে। এরপরেও ওই দুইজন তাকে (এয়ারপোর্ট থানার ওসি) কল করে বিষয়টি জানিয়েছে। তিনি থানার একটি দল পাঠিয়ে পুলিশের বিশেষ শাখার ভুয়া অফিসারকে আটক করেছেন।

তার কাছ থেকে স্পেশাল ব্রাঞ্চের তিনটি ও পুলিশের একটি আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করে আসামিকে জেলে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights