বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্র প্রেমিক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী এবায়দুল ইসলাম রাইয়ান (২২) ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে রাইয়ানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।
রাইয়ানের মা অসুস্থ। তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ফ্যানের সাথে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাইয়ান।

রাইয়ানের চাচা আরো জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি। রাত পৌনে ৪টার দিকে মা জেগে দরজা খুলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেলে করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights