বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালেকাঠি গ্রামে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।

নিহত সুমন সিকদার (৩৮) কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।

ওসি আদিল হোসেন জানান, এক ভ্যান চালককে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তাকে কি কারণে এবং কারা হত্যা করেছে বিষয়টি এখনো জানি না। তদন্ত নিশ্চিত হওয়ার পর কারণ বলতে পারবো।

তবে নিহত সুমনের মা মনোয়ার বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে একই এলাকার রিগ্যান হাওলাদারের তর্কাতর্কি ও মারামারি হয়। পরে রিগ্যান, মনা তালুকদার ও সুমন সিকদারসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনের মাথায়, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। পরে তার মৃত্যু নিশ্চিত করে বাড়ির পাশের পুকুরে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তানভীর সিকদার জানান, কিছুদিন পূর্বে তার ছোট মা মনা সিকদারের সাথে চলে গেছে। এ নিয়ে বাবার সাথে তাদের শত্রুতা হয়েছে। এর জেরে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights