বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান মিঠুনকে (৩৫) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নগরীর রাজাবাহাদুর সড়কের মহিলা ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মেহেদী হাসান মিঠু নগরীর ১ নম্বর সিএন্ডবি পোল এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

মিঠুন জানান, মোটরসাইকেল যোগে তিনি বঙ্গবন্ধু উদ্যানের দিকে যাচ্ছিলেন। মহিলা ক্লাবের সামনে পৌঁছামাত্র মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাসের একদল লোক তার পথরোধ করে। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার ডাক চিৎকারে তারা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।
এ হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস জানান, মিঠুন মাদক ব্যবসা করে। ব্যবসার বিরোধের জের ধরে কেউ তার উপর হামলা করতে পারে।

কোতয়ালী মডেল থানার ওসি একেএম আরিচুল হক জানান, মহিলা ক্লাবের সামনে ছাত্রলীগের সাবেক এক নেতাকে প্রতিপক্ষ কুপিয়ে আহত করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights