বরিশালে ১৪ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল নগরীতে মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামিকে রায় ঘোষণার ১৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান।

ওই আসামী হলো-শামীম আহমেদ ধলু (৫০)। সে বরিশাল নগরীর দপ্তর খানা এলাকার বাসিন্দা মৃত আলী মোহাম্মদ মিয়ার ছেলে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ২০০৯ সালের ২১ এপ্রিল নগরীর দপ্তর খানার নিজ বাসায় মা সুফিয়া বেগম ও অন্ত.স্বত্তা ছোট ভাইয়ের স্ত্রী শিমু আক্তার হত্যা মামলার একমাত্র আসামি শামীম আহমেদ ধলু। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে ফেরারী হয় সে। তার অনুপস্থিতে ২০১০ সালের ২৪ নভেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদণ্ড দেন। রায়ে তার মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখার আদেশ দেয়া হয়।

রায় ঘোষণার পূর্ব থেকে পলাতক শামীমকে বুধবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে নিয়ে এসে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাকে গ্রেফতার করা কোতয়ালী মডেল থানার এসআই খোকন চন্দ্র দে বলেন, জামিনে বের হয়ে ছদ্মবেশ ধারণ করে ঢাকার বিভিন্ন এলাকায় বাস করতো। বিভিন্ন পরিচয়ে চাকুরি করাসহ মানুষের কাছ থেকে অর্থ সহায়তা নিতো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে ঢাকার বাড্ডা এলাকায় অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে বাড্ডার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী শিমু আক্তারের বাবা আজিজ মল্লিক বলেন, প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শামীম আহমেদ ধলু তার মাকে হত্যা করে। বিষয়টি দেখে ফেলায় অন্ত.স্বত্তা ছোট ভাইয়ের স্ত্রী শিমুকেও হত্যা করে। ফাঁসির দণ্ড এড়াতে দীর্ঘদিন পালিয়ে ছিলো। তাকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights