বরিশালে ৩ নদীর পানি বিপৎসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি কমেছে। তবে ৩টি নদীর পানি শনিবারও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে ভোলার তজুমুদ্দিনে সুরমা ও মেঘনা নদীর পানি আগের দিনের চেয়ে কিছুটা কমে বিপৎসীমার (২.২২ মিটার) ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অপরদিকে পিরোজপুরে বলেশ্বর নদীর পানি আগের দিনের মতো বিপৎসীমার (২.৪৯) ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে দৌলতখান পয়েন্টে সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার (২.৭৫ মিটার) ১ সেন্টিমিটার নিচ দিয়ে, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে, মীর্জাগঞ্জ পয়েন্টে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝালকাঠী পয়েন্টে বিষখালী নদীর পানি ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, একই নদীর পানি পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কীর্তনখোলা নদীর পানি গতকাল বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

আগামী কয়েক দিনে নদীর পানি আরও কমবে বলে ধারনা করছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights