বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, শিক্ষা মানুষকে উন্নত মানুষে পরিণত করে। আর জ্ঞান তাদেরকে সমৃদ্ধ করে। মুক্তজ্ঞান চর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ছাড়া জ্ঞানে পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়। তিনি নবীন শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়ার পাশাপাশি মৌলিক এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে আহ্বান জানান।

শনিবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন মেয়রের সহধর্মিণী লুনা আব্দুল্লাহ।

ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্য চাকরি পাওয়া নয়। নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। মানুষের জন্য কাজ করার লক্ষ্যে অর্জন করতে হবে উচ্চশিক্ষা। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, মুখস্ত বিদ্যা চৌর্যবৃত্তির সমান। যেকোন বিষয়কে গভীর থেকে জানতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, নবাগত শিক্ষার্থী রিফাত হোসেন এবং সামিহা নাছরিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রশাসনের কর্তাব্যক্তি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংবাদিকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights