বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার ১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।
বুধবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত দৈনিক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বোর্ড সূত্র জানায়, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন। এর মধ্যে অংশ নেয় ৫২ হাজার ৯৩৯ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠি জেলায় ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
