বরিশাল সিটি নির্বাচন; ব্যালটে ভোটের দাবি জাপা প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ইভিএম এ সুষ্ঠু ভোট নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে জনমনে সংশয় কাটাতে ব্যালটে ভোট করার দাবি জানান।

এদিকে প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ সময় নির্বাচিত হতে পাড়লে নতুন বরিশাল গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া অন্য কোন রাজনৈতিক দলের দৃশ্যমান নির্বাচনী তৎপরতা নেই বরিশালে।

বরিশাল সিটি নির্বাচনে দলের ভাবনা নিয়ে শনিবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, বিগত দিনে নির্বাচনে অনিয়মের কারণে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জনমনে শঙ্কা আছে। জাতীয় পার্টিও শঙ্কিত। ব্যালট বিহীন ইভিএম নির্বাচনে কারচুপির একটা শঙ্কা থাকে। আওয়ামী লীগ প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়ে গেছে বলে শারীরিক ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। এতে জনমনে শঙ্কা আরও বেড়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যালটে ভোট করার দাবি জানান তিনি। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান কিনা জানতে চাইলে খোকন সেরনিয়াবাত বলেন, এটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। ফাঁকা মাঠে নাকি সব দলের সাথে খেলে জিততে চান প্রশ্ন করলে খেলে লড়াই করে ভোটে জেতার কথা বলেন তিনি। নির্বাচিত হতে পাড়লে বরিশাল সিটির উন্নয়নে অনেক পরিকল্পনা আছে। যা দায়িত্ব নেয়ার পর দৃশ্যমান হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রার্থী।

উল্লেখ্য, বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছেনা। সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাসদ। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করলেও দৃশ্যমান কোন তৎপরতা নেই তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights