বর্ষার পানি ধরে রাখতে তিস্তার ভাটিতে ব্যারেজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,রংপুর

বর্ষার পানি ধরে রাখতে তিস্তার ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তিনি বলেছেন, তিস্তার সঙ্গে জড়িত ১৪টি শাখা নদীর গভীরতা বাড়িয়ে সেই পানি সংরক্ষণ করা হবে। আমরা চাই বর্ষার পর শুকনো মৌসুমে যেন তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে।

রবিবার(১৬ আগস্ট) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ তলা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, তিস্তার উজান থেকে যদি শুস্ক মৌসুমে পানি না পাই, প্রতিবেশী দেশ যদি পানি না দেয়া, তাহলে আমাদের পানি ধরে রাখতে হবে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের দুই কোটি মানুষের চিকিৎসার আস্থারস্থল। আমি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ায় প্রতি মাসে কমপক্ষে দুই থেকে তিনবার যাওয়া-আসার পথে হাসপাতাল পরিদর্শন করবো। যে কাজগুলোর দায়িত্ব দিয়েছি, তার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবো। হাসপাতালের জনবল সংকটের বিষয়টি ইতোমধ্যে প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবার স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বেশি, তাই শিগগিরই জনবল সংকটের বিষয়টি সমাধান হবে।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনগুলোতে চিকিৎসা সেবা দেয়ার জায়গা সংকট রয়েছে। নতুন ভবনগুলো যেন দ্রুত নির্মাণ কাজ শেষ হয়, সেই চেষ্টা করা হচ্ছে। আউটসোসিংয়ের মাধ্যমে যাদের নিয়োগ দেয়া হয়েছে তা, অপ্রতুল ছিল। স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান করেছি, অল্প সময়ের মধ্যে রংপুরে হাসপাতাল পরিদর্শন করে জনবল নিয়োগ দেবেন এবং যতদিন পর্যন্ত না এটি হচ্ছে, ততদিন পর্যন্ত আউটসোসিংয়ের বরাদ্দ বাড়িয়ে দেবেন।

এছাড়া হাসপাতালে পরিচ্ছন্নতা ও রোগীর সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে। হাসপাতালে লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights