বলের আঘাতে ভাঙল আঙুল, সিরিজ শেষ সোধির

অনলাইন ডেস্ক

অনুশীলনের সময় বলের আঘাতে আঙুল ভেঙে গেছে ইশ সোধির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে অভিজ্ঞ লেগ স্পিনারকে পাবে না নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে গত রবিবার মাঠে গড়ায় প্রথম টি-টোয়েন্টি। ওই ম্যাচের লাগে অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান সোধি। স্ক্যানে তার হাড়ে চিড় ধরা পড়ে। সুস্থ হয়ে উঠতে চার সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।

ওই আঘাতে প্রথম ম্যাচটি খেলতে পারেননি সোধি। এবার তিনি ছিটকে পড়লেন সিরিজের বাকি অংশ থেকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের তিনটি ম্যাচেই সোধিকে একাদশে রাখে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। শ্রীলঙ্কার ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে ওভার করে কোনো উইকেট নিতে পারেননি তিনি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন পেসার লকি ফার্গুসন। তাই সোধির বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি নিউজিল্যান্ড। স্পিন আক্রমণে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ওপরই আস্থা রাখছে তারা।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ রান করা বেভন জ্যাকবস পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন হাঁটুর চোটে। তার কাভার হিসেবে কাটেনে ক্লার্ককে আগেভাগে দলে ডেকেছে কিউইরা। ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে যোগ দেওয়ার কথা ছিল।

শেষ দুই ম্যাচের জন্য দলে যোগ দেবেন উইকেটরক্ষক ডেন ক্লেভার, বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স ও অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম। ওই দুই ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন ল্যাথাম। প্রথম টি-টোয়েন্টিতে ৯১ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে নিউ জিল্যান্ড। হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights