বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস

দিনাজপুর প্রতিনিধি

বসন্তের আগমনী বার্তায় পলাশ-শিমুলের রঙে রঙিন হয়ে উঠল দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাস। নাচ, গান, কবিতা ও আড্ডায় তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।

রবিবার দিনব্যাপী কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকেই হলুদ, লাল ও কমলা রঙের শাড়ি-পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হন। বসন্তের থিমে সাজানো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।

সকাল ১০টায় বের হয় বসন্ত বরণ আনন্দ র‌্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল মঞ্চে এসে শেষ হয়। এরপর দিনভর পরিবেশিত হয় বসন্তের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শনার্থীরাও মুগ্ধ হন। পাশাপাশি ছিল বিভিন্ন আনন্দঘন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

ক্যাম্পাসের এক পাশে সারিবদ্ধভাবে সাজানো হয় বিভিন্ন পিঠার পসরা। এছাড়া নারী উদ্যোক্তাদের তৈরি কেক, শোপিস, কাপড় ও বিভিন্ন সাজসজ্জার পণ্য নিয়ে বসানো হয় একাধিক স্টল, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী সঞ্চিতা রায় বলেন, “বসন্ত মানেই নতুনের শুরু। প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি আমাদের মনেও জাগে নতুন স্বপ্ন। এই উৎসব আমাদের সেই স্বপ্ন দেখার শক্তি দেয়।”

আরেক শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, “বসন্ত শুধু ঋতু নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। বন্ধুদের সঙ্গে এমন আয়োজন সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। কলেজের বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, রসায়ন ও গণিত বিভাগসহ ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এ আয়োজন বাস্তবায়িত হয়।

শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বসন্তের রঙ, গান ও ঐতিহ্যের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা জাগ্রত করাই এ উৎসবের মূল লক্ষ্য। এক দিনের এই মিলনমেলা তারুণ্যের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights