বসুন্ধরাকে বিশ্বমানের ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই: আহমেদ ইব্রাহিম সোবহান

নিজস্ব প্রতিবেদক

পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রার প্রাথমিক বিকাশ হিসেবে ১৬টি পরিবেশবান্ধব ইলেকট্রিক যানের সমন্বয়ে ‘বসুন্ধরা গ্রিন শাটল’ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান।

বসুন্ধরা আবাসিক এলাকাকে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্মোচিত হলো এক নতুন মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, ‘আমাদের লক্ষ্য বসুন্ধরা আবাসিক এলাকাকে বিশ্বের অন্যতম প্রধান গ্রিন সিটি হিসেবে প্রতিষ্ঠিত করা। এখানে স্পোর্টস সিটি ও কমিউনিটি পার্কসহ বিশ্বমানের বিভিন্ন স্থাপনা রয়েছে। এসব স্থানে বাসিন্দাদের যাতায়াত আরও আরামদায়ক ও সহজতর করাই আমাদের মূল উদ্দেশ্য।’

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা এবং আবাসিক এলাকার মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বসুন্ধরা গ্রিন শাটল’ সার্ভিসের আওতায় পরিবেশবান্ধব ইলেকট্রিক যানের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

১৬টি পরিবেশবান্ধব ‘বাগী’ (Buggy) দিয়ে এই সেবা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় এক হাজার ইলেকট্রিক শাটল এই বহরে যুক্ত করা হবে। এই যানগুলো সম্পূর্ণ কার্বন নিঃসরণমুক্ত (Zero-emission), যা গ্রিন সিটির পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শাটল সার্ভিস চালুর ফলে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও দর্শনার্থীরা স্বল্প সময়ে এবং স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরেই এই এলাকাকে আধুনিক, নিরাপদ ও দূষণমুক্ত আবাসন প্রকল্প হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নতুন এই শাটল ব্যবস্থা সেই প্রচেষ্টায় একটি আধুনিক ও পরিবেশবান্ধব মাত্রা যোগ করলো।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights