বসুন্ধরার সহায়তায় সচ্ছলতা ফিরবে সংসারে
অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় বগুড়ার শেরপুর উপজেলায় অসহায় দরিদ্র নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দরিদ্র এই নারীদের সংসারে সচ্ছলতা ফেরাতে তিন মাসব্যাপী বিনা খরচে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে গত ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। দরিদ্র পরিবারের অসহায় নারীদের হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দেন গ্রুপের উপদেষ্টা ও বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী আইয়ুব আলী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দৈনিক সমকালের উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহসভাপতি শাহনাহ পারভীন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
বিকেলে অনুষ্ঠান শুরু হলেও সকাল থেকেই মেশিন নিতে নারীরা অনুষ্ঠানস্থলে চলে আসেন। তাঁদের সবাইকে খুব উচ্ছ্বসিত দেখা যায়। চোখে-মুখে ফুটে উঠছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। অনেকেই খুব আগ্রহ নিয়ে জানাচ্ছিলেন তাঁদের স্বপ্নের কথা। জীবনসংগ্রামে বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে সবাই প্রকাশ করেছেন কৃতজ্ঞতার অভিব্যক্তি। কথা বলতে বলতে কারো চোখের কোণে দেখা গেছে আনন্দের অশ্রু। জানিয়েছেন তাঁদের স্বপ্নের কথা।
প্রান্তিক জীবনে অসহায় হয়ে সংসার সামলানোর সংগ্রামে হাবুডুবু খাচ্ছিলেন তাঁরা। এর মাঝেই দিশাহীন জীবনে আলোকবর্তিকা হয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় এখন সংসারে সচ্ছলতা ফেরানোর যুদ্ধে নামার দৃঢ় প্রত্যয় সবার। তাঁদের সেই যুদ্ধের অস্ত্র বসুন্ধরার দেওয়া উপহার সেলাই মেশিন। সুই-সুতার বুননে জীবনকে এগিয়ে নেওয়ার সংগ্রামে জীবনযোদ্ধা এই নারীদের পাশে থাকবে বসুন্ধরা শুভসংঘ।
ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের অসহায় দরিদ্র মানুষের পাশে আছে। সারা দেশের বিভিন্ন উপজেলার দরিদ্র নারীদের মাঝে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। গ্রামীণ এই নারীদের স্বাবলম্বী করাই বসুন্ধরা শুভসংঘের প্রধান লক্ষ্য। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে করোনাকালে ৫০ হাজার পরিবারকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থীকে প্রতি মাসে বৃত্তি প্রদান করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘের এই শুভ কাজ চলমান থাকবে।’
সাইদুজ্জামান হিমু বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও মহৎ। এমন উদ্যোগের ফলে যে পরিবারের নারীরা প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছেন, তাঁরা স্বাবলম্বী হতে পারবেন। এমন মহতী উদ্যোগ নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, বসুন্ধরা গ্রুপ সব সময় অসহায় মানুষের পাশে আরো বড় পরিসরে দাঁড়াবে।’
অন্য অতিথিরা বলেন, অসহায় মানুষের সহায়তায় সব সময়ই এগিয়ে বসুন্ধরা গ্রুপ। সারা দেশে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সব শুভ কাজ করে দেশসেরা এই শিল্পপ্রতিষ্ঠানটি। দরিদ্র পরিবারের নারীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে সচ্ছলতা ফিরবে বহু পরিবারে। একসময় আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবেন এই নারীরা। বসুন্ধরার মাধ্যমে কল্যাণ হোক সারা দেশের অসংখ্য দরিদ্র মানুষের।
