বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রফেশনাল ফুটবলে বসে থাকার সময় নেই। ৩ সেপ্টেম্বর দলবদল সম্পন্ন করার পর বসুন্ধরা কিংস গতকালই খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প শুরু করেছে। তারকা ফুটবলাররা আসিয়ান কাপ ক্যাম্পে ব্যস্ত থাকায় কিংসের অনুশীলনে নেই। সাফ কোটায় নেপালি ও বিদেশি ফুটবলাররা না আসায় কিংস অ্যারিনায় তাঁদের ছাড়াই অনুশীলন শুরু হয়েছে। অভিষেক আসর থেকে কিংসের সব শিরোপার অংশীদার হয়ে আছেন অভিজ্ঞ কোচ মাহবুবুর রহমান রক্সি। তিনি অনুশীলন শেষে বলেন, ‘প্রথম দিনে ২০ জন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সুশান্ত ত্রিপুরা, বিপুল, আলমগীর, ইউসুফ, সাব্বির, গোলরক্ষক পাপ্পু, শাহিন, হেলাল, সাইফুলদের নিয়ে দুই ঘণ্টার মতো অনুশীলন হয়েছে।’ রক্সি বলেন, ‘অনেকে আবার নতুনভাবে কিংসে যোগ দিয়েছেন। পুরোনোরাও আছেন। মূলত একে অন্যের মধ্যে পরিচয় পর্ব এবং হালকা অনুশীলনের মধ্যেই দিনটা পার হয়েছে। ১৮ সেপ্টেম্বর লিগের খেলা সামনে রেখেই আমরা প্রস্তুতি শুরু করেছি। কয়েক দিনের মধ্যে নেপাল ও বিদেশি ফুটবলাররা চলে আসবেন। নতুনরা যাঁরা এসেছেন তাঁরা আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, কিংসকে আমরা কিছু দিতে চাই। দেশের জনপ্রিয় এই দলের হয়ে খেলা গর্বের। এখন আমরা তাঁদের সাহস জুগিয়ে কিংসের মতো বড় দলে খেলার জন্য তৈরি করব।’ আরেক কোচ সৈয়দ গোলাম জিলানি ও টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের নিপু অনুশীলন ক্যাম্পে উপস্থিত ছিলেন। ফর্টিস এফসি ও পুলিশ আগেই অনুশীলন শুরু করেছে। মোহামেডান, আবাহনীসহ অন্য দলের খবর নেই। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন বলেছেন, ‘যেখানে অধিকাংশ দলই চাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের পর ঘরোয়া আসর, সেখানে এখন ক্যাম্প শুরু করার যুক্তি নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights